আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
পরিদর্শনের সময় নেতানিয়াহু জানান, ঘাঁটির কমান্ডারের সঙ্গে কথা বলে তিনি ইসরায়েলি বিমানবাহিনীর প্রস্তুতি, দৃঢ়তা এবং শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনীয় মুহূর্তে হামলা চালানোর সক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিমানঘাঁটি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের শত্রুদের বলছি, আমাদের পরীক্ষা করবেন না। এখন পর্যন্ত আপনারা যে আঘাত পেয়েছেন, তার চেয়েও কঠোর আঘাতের মুখে পড়বেন।’
প্রসঙ্গত, ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের মাত্র আট দিন আগে বিমানঘাঁটি থেকে নেতানিয়াহুর এই বক্তব্য রাজনৈতিক ও নিরাপত্তা—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।
দখলদার এই প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার এই হুঁশিয়ারি ইরানকে উদ্দেশ্য করেই দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও গত বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দখলদার প্রধানমন্ত্রী বলেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানো ইসরায়েলের জন্য ‘সুবিধাজনক নয়’।
তিনি বলেন, ‘আমার মতে, এই মুহূর্তে ইরানে হামলা চালানো আমাদের জন্য ‘সুবিধাজনক নয়’।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন নেতানিয়াহু।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে চ্যানেল ১২ জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে দেশটি হামলা পুনরায় শুরুর বিষয়ে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ওই প্রতিবেদন অস্বীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন। তবে পরিস্থিতি অনুযায়ী তার সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউজের সূত্র। ফলে ইরানকে ঘিরে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আল অ্যারাবিয়া, টাইমস অব ইসরায়েল
এমএইচআর