Dhaka Mail Logo

আন্তর্জাতিক

৩ অস্ট্রেলীয় ও মার্কিনীকে হত্যায় তিনজনের ১৫৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ২০২৪ সালে সার্ফিং ভ্রমণে আসা দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের এক মার্কিনি বন্ধুকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন এক বিচারক। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিচার বিভাগীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—জেসুস জেরার্দো "এন" (যিনি "এল কেকাস" নামে পরিচিত), ইরিনিও ফ্রান্সিসকো "এন" এবং অ্যাঞ্জেল জেসুস "এন"। 

এক সপ্তাহ আগে আদালত তাদের নরহত্যা, সহিংস ডাকাতি এবং সহিংসভাবে গাড়ি ছিনতাইয়ের অপরাধে দোষী সাব্যস্ত করেছিল। খবর রয়টার্সের।

নিহতরা হলেন—অস্ট্রেলীয় দুই ভাই ৩৩ বছর বয়সী জ্যাক রবিনসন ও ৩০ বছর বয়সী ক্যালাম রবিনসন এবং তাদের আমেরিকান বন্ধু ৩০ বছর বয়সী জ্যাক কার্টার রোড।

বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বিচারক দণ্ডপ্রাপ্তদের ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

এর আগে নভেম্বরে, দ্রুত বিচার প্রক্রিয়ায় সহিংস ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের অপরাধ স্বীকার করায় গিসেল সিলভা নামের এক নারীকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিদেশিদের মরদেহ একটি কূপ থেকে উদ্ধারের কয়েক দিন পরই ২৩ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে এনসেনাদা থেকে প্রায় ৮০ কিলোমিটার  দক্ষিণে পুন্টা সান হোসের কাছে ক্যাম্পিং ও সার্ফিং করার সময় দুই রবিনসন ভাই ও তাদের বন্ধু রোড নিখোঁজ হন।

এফবিআই-এর সহায়তায় কয়েক দিন ধরে তল্লাশির পর, ৩ মে একটি কূপের তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের ভাষ্যমতে, নিহত প্রত্যেকের মাথাতেই গুলির চিহ্ন ছিল। এছাড়া, তারা যে পিকআপ ট্রাকে ভ্রমণ করছিলেন, সেটি কয়েক কিলোমিটার দূরে পোড়া অবস্থায় পাওয়া যায়।

রায় ঘোষণার পর নিহত মার্কিনী তরুণের মা পেজ রোড জুমের মাধ্যমে বলেন, “সন্তান হারানোর ক্ষতি কোনো বিচার দিয়েই পূরণ হওয়ার নয়, তবে এই ব্যক্তিরা আর কখনোই অন্য কারও ক্ষতি করতে পারবে না।”

জ্যাক ও ক্যালাম রবিনসনের বাবা-মা, মার্টিন ও ডেবরা রবিনসন, দোষী সাব্যস্ত হওয়ার প্রাথমিক রায়ের পর গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফিরে যান।

শুক্রবারের রায় ঘোষণার সময় তারা দূর থেকেই শুনানির কার্যক্রম অনুসরণ করেন। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ২৪টি শুনানির একটি থেকে বেরিয়ে আসার সময় দেওয়া এক সাক্ষাৎকারে তারা তাদের ছেলেদের মৃত্যুকে ‘নরকতুল্য’ এবং অত্যন্ত কঠিন এক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

এনসেনাদা এলাকাটিকে তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হলেও, বাজা ক্যালিফোর্নিয়া মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। 

এই হত্যাকাণ্ডের ঘটনার পর, অপরাধ ও অপহরণের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের এই রাজ্যে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

-এমএমএস