Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

ভারতে ক্ষমতাসীন বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে যুক্ত হওয়ার পর কংগ্রেস নেতৃত্বাধীন চলমান আন্দোলনে নামতে যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে তামিলনাড়ুতে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে দলটি।

এবার জাতীয় পর্যায়ে বিরোধী জোটের আন্দোলনে অংশ নেবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন সরকারি জোটের শরিক দল— বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভান। 

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে থিরুমাভালাভান বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেয় বিজয়ের দল। ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর এটিই ছিল তাদের প্রথম যৌথ আন্দোলন কর্মসূচি।

আরও পড়ুন

‘বাংলাদেশ স্টাইলে’ ভারতে সরকার পতনের চেষ্টা করা হচ্ছে: রাজনাথ সিং

দীপকের পর এবার আটক নেহা বোরা

চেন্নাইয়ের এগমোর এলাকায় আয়োজিত ওই বিক্ষোভে টিভিকের পক্ষে প্রতিনিধিত্ব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী এ রাজমোহন। তবে বিজয় নিজে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। 

এরআগে গত ৩ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে টিভিকের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কংগ্রেস, টিভিকে, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি বি মানিকম ঠাকুর বিজয়ের দলকে জোটে স্বাগত জানিয়ে ঘটনাটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালে অভিনেতা বিজয়ের হাত ধরে ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর যাত্রা শুরু হয়। তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজনীতিতে আসা দলটি প্রথম নির্বাচনেই জয়ী হয়ে সরকার গঠন করেছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচআর