শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশ স্টাইলে’ ভারতে সরকার পতনের চেষ্টা করা হচ্ছে: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশ স্টাইলে’ ভারতে সরকার পতনের চেষ্টা করা হচ্ছে: রাজনাথ সিং

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আদলে ভারতে সরকার পতনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

রাজনাথ সিং বলেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা তরুণদের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার না করে রাজনৈতিক সংঘাত ও বিশৃঙ্খলা ছড়ানোর কাজে লাগানোর চেষ্টা করছে। চলমান এই আন্দোলন শুধু নির্বাচন কমিশন কিংবা ভোটার তালিকা সংশোধন নিয়ে নয়; বরং এর পেছনে সরকার পরিবর্তনের বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, ‘দেশের যুবসমাজকে ঘুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বাংলাদেশের ঘটনার আদলে শাসনব্যবস্থার পরিবর্তন চাইছে—খোলাখুলিভাবে স্বীকার করছে যে তারা বাংলাদেশের পরিস্থিতি থেকে অনুপ্রেরণা পেয়েছে; অন্যরা নির্লজ্জভাবে সরকার পতনের ডাক দিচ্ছে। এতে এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের একমাত্র উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দেশকে আগুনে পুড়িয়ে দেওয়া।’  

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও সরাসরি আক্রমণ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থের জন্য ভারতের সাংবিধানিক সংস্থাগুলোকে কলঙ্কিত করার প্রচেষ্টা এবং রাজনৈতিক সুবিধাবাদের মাধ্যমে ভারতের উন্নয়ন যাত্রাকে প্রভাবিত করা যায় না। বিশৃঙ্খলার রাজনীতিতে লিপ্ত না হয়ে রাহুল গান্ধীর উচিত জনগণের রায়কে সম্মান করা এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা’।

এছাড়াও উত্তর প্রদেশে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাজনাথ সিং বলেন, ‘কংগ্রেস উত্তর প্রদেশে ৩৭ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে... আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই: সমাজবাদী পার্টি ছাড়া রায়বেরেলিতে নিজের আসনে জেতার ক্ষমতাও কি আপনার আছে?’

প্রসঙ্গত, ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং যুব নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) যৌথভাবে আন্দোলন করে আসছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি যোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা ক্ষমতাসীন বিজেপিকে অন্যায্য রাজনৈতিক সুবিধা দেবে। এই ইস্যুতে দিল্লিতে বিরোধী দল ও বিভিন্ন ছাত্রসংগঠনের বিক্ষোভের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর