Dhaka Mail Logo

আন্তর্জাতিক

শুক্রবার দিল্লিতে ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে সমর্থকদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে দীপকে বলেছেন, ‘আপনারা সবাই জানেন যে তেরঙ্গা (ভারতের পতাকা) ওড়ানোর কারণে সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে জেলে পাঠানো হয়েছে। আমি সমস্ত দেশপ্রেমিক এবং তেরঙ্গাপ্রেমী মানুষদের অনুরোধ করছি, তারা যেন তেরঙ্গা নিয়ে সেখানে উপস্থিত হন।’

তিনি বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’

দিপকে আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব। এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে, তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই’।

যারা দিল্লিতে যেতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে একই সময়ে তেরঙ্গা মিছিল আয়োজনের আহ্বানও জানিয়েছেন তিনি। 

এরআগে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে আটক হন ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

দীপকের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, রাঙ্কা ও দাসসহ সিজেপির স্বেচ্ছাসেবকরা যন্তর মন্তরে পৌঁছানোর জন্য একটি গেট বেয়ে উপরে উঠছেন। এরপর পুলিশ তাদের আটক করার আগে জাতীয় পতাকা ওড়ান এবং স্লোগান দেন তারা।

পুলিশের দাবি, ওই দুই নেতাকে শুধু পতাকা ওড়ানোর কারণে নয়; নিষিদ্ধ ঘোষিত বিক্ষোভস্থলে প্রবেশ এবং শান্তি বজায় রাখার পূর্ববর্তী শর্ত ভঙ্গের অভিযোগে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন করে আসছে ককরোচ জনতা পার্টি ও দেশটির বিরোধী দলগুলো। 

এরআগে গত ১০ অক্টোবর সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লির যন্তর মন্তরে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন, পরিবহন ব্যবস্থায় বিধিনিষেধ এবং ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটে। পরে যন্তর মন্তরকে আনুষ্ঠানিক বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়ে দিল্লি পুলিশ নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে। 

তবে শুক্রবারের কর্মসূচিতে কত মানুষ অংশ নেবেন এবং প্রশাসন কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেবে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএইচআর