Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। 

তবে বিমানবন্দরটি ঠিক কবে খুলে দেওয়া হবে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

ইরান সমর্থিত হুথিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই সপ্তাহজুড়ে রিয়াদসহ সৌদি আরবের একাধিক বিমানবন্দরে হামলার ঘটনায় দেশটির বিমান যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে। বিশেষ করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলা যাত্রীদের নিরাপত্তা, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং আঞ্চলিক আকাশপথের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। 

সেই রেশ না কাটতেই রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল এলাকায় আবারও হামলা চালায় হুথিরা। 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অজ্ঞাত বস্তু বিমানবন্দরের টার্মিনাল ৪-এ আঘাত হানে। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও ১১ জন আহত হন। 

এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা, জিজান ও নাজরান বিমানবন্দরও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। একই সঙ্গে বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক বিমান যোগাযোগ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 


সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএইচআর