Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় আহত

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।

মঙ্গলবার (৬ অক্টোবর) ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে এ হামলার ঘটনা ঘটে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে ওমানের কর্তৃপক্ষ। বর্তমানের তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়’। 

মন্ত্রণালয় আরও বলেছে, ‘বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।’ একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে নয়াদিল্লি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বেশকয়েকজন ভারতীয় নাবিকদের আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। গত মাসে একই এলাকায় একটি কার্গো জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সমুদ্রপথে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে সর্বশেষ এমটি অন পিসে হামলার ঘটনায় কে বা কারা প্রজেক্টাইল ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। ভারতও হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। বিশ্বের মোট তেল-গ্যাস রফতানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত জুনে দুই দেশ যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছেছিল।

তবে পরবর্তী সময়ে সামরিক উত্তেজনা ও হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। এতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে গেছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

এমএইচআর