Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বন্যার ৩৭ দিন পর নেপাল থেকে জীবিত ফিরলেন মালয়েশিয়ার নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজন ৩৭ দিন পর জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরেছেন। 

একা নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ান নাগরিক নিজেই কাঠমান্ডুতে দেশটির দূতাবাসে যোগাযোগ করেন এবং পরে নিরাপদে মালয়েশিয়ায় ফিরে যান। খবর  দ্য ইন্ডিপেনডেন্টের।

শুক্রবার (২ অক্টোবর) মালয়েশিয়ায় নিখোঁজ নাগরিকদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’–এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এ তথ্য জানান। 

malsi-kn

পরে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, ওই ব্যক্তি ১ অক্টোবর কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন এবং ২ অক্টোবর দেশে ফেরেন।

ওই ব্যক্তি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান এবং একা ভ্রমণ করছিলেন। মনিভান্নান জানান, ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে তিনি নেপালের নাগথালি ভিউপয়েন্টে অবস্থান করছিলেন। 

পরদিন ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সেখানে আটকা পড়েন। বিদ্যুৎ, খাবার পানি ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

৩৭ দিন পর তার নিরাপদে ফিরে আসার ঘটনায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। 

পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠনটি বলছে, একজন দীর্ঘ সময় যোগাযোগের বাইরে থেকেও নিরাপদে পরিবারের কাছে ফিরতে পেরেছেন—এটি বাকি ৫৪ জনের ক্ষেত্রেও আশা ধরে রাখার কারণ।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে। হিমবাহ ও বরফ ধসের পর সৃষ্ট প্রবল স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, হিমবাহ ধসের ফলে সৃষ্ট শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল।

এই দুর্যোগে নেপালে এক হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। 

দুর্যোগের পর যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও পরিচয় শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, ওই নাগরিককে নিরাপদে পাওয়ার পর নেপালে নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন মালয়েশিয়ান নাগরিকের সংখ্যা ৫৫ থেকে কমে ৫৪ জনে দাঁড়িয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি নিখোঁজ ব্যক্তির অবস্থান আলাদাভাবে যাচাই করা হচ্ছে। 

-এমএমএস