Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আব্রাহাম লিংকনে আট নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন: মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে লেখা এক চিঠিতে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে কাও বলেন, তিনি বলেন, আত্মহত্যার চেষ্টা করা ওই আটজনের মধ্যে ছিলেন ‘লিংকনের ক্রু, পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের স্টাফ, নিরাপত্তার দায়িত্বে থাকা ডেস্ট্রয়ার এবং জাহাজে অবস্থানরত সব বিমান ইউনিটের নৌসদস্যরা’।

চিঠিতে অন্তত দুটি ঘটনার বিষয়ে বিস্তারিত জানান কাও। এর মধ্যে আগস্টের শুরুতে একটি বিমান শাখার সদস্য জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে মার্চে আরেক নাবিক জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। পরে তাকেও চিকিৎসা দেওয়া হয় এবং নিজ ঘাঁটিতে ফেরত পাঠানো হয়।

কাও আরও জানান, জাহাজে নাবিকদের সহায়তার জন্য মনোরোগ বিশেষজ্ঞ, আচরণগত স্বাস্থ্যকর্মী, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং পাঁচজন চ্যাপলিনসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা করা হয়েছিল।

তবে আত্মহত্যা করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে তিনি। 

যদিও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং মেহর নিউজ দাবি করেছে, নাবিকদের ক্ষোভ প্রশমিত করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা বিমানবাহী রণতরীটিতে যান। তবে নাবিকদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয়।

এই ঘটনার পর নাবিকদের নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং একপর্যায়ে ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহার করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ৭ জন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া রণতরীটি একটানা প্রায় ২৬৩ দিন ধরে সাগরে মোতায়েন রয়েছে। এতে যুদ্ধজাহাজটিতে অবস্থানরত প্রায় ৫ হাজার নাবিকদের মধ্যে তীব্র মানসিক চাপ ও ক্ষোভ তৈরি হয়। এছাড়াও তাদের পরিবারেরও এ নিয়ে ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়ে আসছে।  

মার্কিন সংবাদমাধ্যম মিলিটারি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী মোতায়েন, অতিরিক্ত কাজের চাপ এবং খাবার ও পানির সংকটের কারণে ‘ইউএসএস আব্রাহাম লিংকনের’ নাবিকদের মধ্যে মানসিক অবসাদ চরম পর্যায়ে পৌঁছায়।

এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমানবাহী রণতরীটিতে সরবরাহসংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও, প্রায় পাঁচ হাজার নৌসদস্য বহনকারী লিংকনে কোনো মানসিক স্বাস্থ্য সংকট চলছে বলে অস্বীকার করেছিল।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এসব পরিস্থিতির কিছু অভিযোগকে অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছিলেন।

তবে সমালোচনার মুখে সেপ্টেম্বরের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে রণতরীটি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নাবিকদের দীর্ঘ সামরিক অভিযান থেকে বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় ইউএসএস আব্রাহাম লিংকন।  

সূত্র: বিবিসি

এমএইচআর