Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলায় ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, হামলায় একই পরিবারের তিন বেসামরিক সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা ও কুন্দার প্রদেশের  তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। 

সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণকেন্দ্র। হামলায় অস্ত্র ও গোলাবারুদের মজুতও ধ্বংস করা হয়েছে। 

অন্যদিকে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক বিবৃতিতে জানিয়েছেন, কুনার প্রদেশের নুরগাল এলাকায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পরিবারের আরও চারজন। 

তিনি আরও জানান, পাকতিকার বারমাল জেলায় দুটি স্থানে হামলা চালানো হয়। সেখানে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সহায়তা মিশন (ইউএনএএমএ) কুনার প্রদেশে অন্তত তিন বেসামরিক নিহত এবং চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান সকার জানিয়েছে, গত শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতুনখোয়ার কোহাত জেলার পুলিশ লাইন্সের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে এই বিমান হামলা চালানো হয়। 

এছাড়াও রোববার হাঙ্গু জেলাতেও নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায়। বিশেষ করে ভারতের সমর্থনে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তানের ভেতর থেকে তাদের তৎপরতা চালায়, যেখানে তারা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে।

তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, পাকিস্তানের সন্ত্রাসবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

এনিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। এবারের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের নতুন হামলার নিন্দা করে বলেছেন, পাকিস্তানের এই পদক্ষেপের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে। ফলে নতুন করে সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর