আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একই সময়ে বিমানবন্দরটিতে ব্যাপক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা গেছে। বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ডিপোর কাছ থেকেও বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে খবর পাওয়া গেছে। তবে আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সৌদি সরকারের গণমাধ্যম কার্যালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিমান চলাচলের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর তথ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বিমানবন্দরের ডিসরাপশন ইনডেক্স সর্বোচ্চ ৫ দশমিক ০ তে পৌঁছেছে। এ সূচকে বিলম্বিত ও বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা এবং গড় বিলম্বের মাত্রা বিবেচনা করা হয়। ‘ফ্লাইটরাডার২৪’ এর লাইভ তথ্যে বিমানবন্দরে গড় বিলম্ব প্রায় ৫২ মিনিট এবং একাধিক ফ্লাইট বাতিলের তথ্য দেখা গেছে।
রিয়াদে এ ঘটনার আগে রাতভর আকাশপথে বিমান হামলার শঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য ‘শত্রুতাপূর্ণ আকাশপথের হুমকি’ নিয়ে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেই সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি।
সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা ক্রমান্বয়ে আরও বাড়ছে। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় একাধিক সতর্কতা জারি হয়েছে। শুক্রবার রাতে জেদ্দা, তাইফ, খামিস মুশাইতসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। হুতিরা অবশ্য মক্কাকে লক্ষ্য করে কোনো হামলার চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, রিয়াদ বিমানবন্দরের কাছে আগুনের ঘটনার সঙ্গে ওই নিরাপত্তা সতর্কতা বা হুতিদের সাম্প্রতিক হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। আগুনের উৎস, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচলে এই বিঘ্ন দেখা দেওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সেই বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সময়সীমা জানানো হয়নি।
সূত্র: তুর্কি টুডে, এপি, রয়টার্স
এফএ