Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মমতার সমর্থনের পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২০০৭ সালের একটি কথিত খুনের মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। 

প্রতিবেদনে বলা হয়, নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী ছিলেন সঞ্চিতা প্রধান দে। তবে শুক্রবার বিকেলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এরপর কালীঘাটের বাসভবনে এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে তার গোষ্ঠী নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে। জোটের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা তিনি। 

এদিকে মমতার ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই মিলন প্রধানের গ্রেফতারের খবর আসে। 

আনন্দবাজার জানিয়েছে, ২০০৭ সালের নন্দীগ্রাম ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন মিলন। প্রায় দুই দশক পুরনো সেই মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই এই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।  

শনিবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে শনিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ফলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে তাদের প্রার্থীকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই গ্রেফতার করা হয়েছে। দলটির নেতারা ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। 

পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘হঠাৎ করে মামলা হল! এই ভাবে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। বিরোধী রাজনীতি বলে কি কিছু থাকবে না এই দেশে?’

অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গ্রেফতারির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা। ভোটের ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিতারী আসনটি ছেড়ে দেওয়ার কারণে উপনির্বাচনের প্রয়োজন হয়। ফলে ভোটের কয়েক সপ্তাহ আগে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নন্দীগ্রামের নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

এমএইচআর