Dhaka Mail Logo

আন্তর্জাতিক

শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আসন্ন মধ্যবর্তী মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার জন্য এই সংঘাত দীর্ঘায়িত করতে চাইছে ইরান।

শনিবার আয়ারল্যান্ডে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। 

যুদ্ধ কবে শেষ হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় খুব শীঘ্রই। সম্ভবত নির্বাচনের পরপরই এটা হবে।’

তিনি আরও অভিযোগ করেছেন, ‘ইরান মধ্যবর্তী নির্বাচনকে জটিল করে তোলার জন্য যথাসম্ভব চেষ্টা করছে।’ 

যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ব্যাপারটা খুবই সহজ।’ 

এসময় লোহিত সাগরের উত্তেজনা এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত নিয়েও কথা বলেন ট্রাম্প। 

তিনি জানান, ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা ওয়াশিংটনের সাথে কোনো সংঘাত চায় না।

এরআগে গত মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও ট্রাম্প দাবি করেছিলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। মার্কিন অর্থনৈতিক চাপের মুখে তেহরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ছয় মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। মার্কিন চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ অব্যাহত রাখতে পারলে সংঘাত ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত গড়াতে পারে বলে সতর্ক করেছেন তার শীর্ষ উপদেষ্টারা।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ইরান দীর্ঘ সময় ধরে সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে পারে। ফলে সাত মাস ধরে চলমান এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ ও নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া পর্যন্ত। 

ইরানকে চাপে রাখতে সামরিক ও অর্থনৈতিক—দুই ধরনের পদক্ষেপই অব্যাহত রাখার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। 

সূত্র: আনাদোলু 


এমএইচআর