Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান

ঢাকা মেইল ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর পালটা জবাব হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানায় ইরানি নৌবাহিনী। খবর আনাদোলুর।

কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করে থাকা সব তেলবাহী জাহাজের নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

skn-dt

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এসব জাহাজ ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের অভিযোগ, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ডে মার্কিন সেনাদের ঘাঁটি ও উপস্থিতি থাকার সুযোগ দিয়েছে এবং ইরানি জাহাজে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরে খারগ দ্বীপের কাছে একটি ছোট ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

দ্বীপটির নোঙর এলাকার কাছাকাছি প্রায় চার নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয় বলে জানানো হয়।

তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। পরে জাহাজটির নাবিক ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক উপকূলের কাছেও দ্বিতীয় একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরআইবি।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, তখনই এসব ঘটনা ঘটল। 

এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর মাধ্যমে বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরি হবে বলে আশা করা হয়েছিল।

-এমএমএস