আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
টানা ৮ বছর পর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতের শীর্ষ ব্যবসায়ী এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
গত বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বস ২০২৬ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর নতুন তালিকা প্রকাশ করে। এতে গত বছর ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম এবার নেই।
এরআগে ২০২৪ সালে তিনি ৪৩তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। ২০২২ সালে তার অবস্থান ছিল ৪২তম। অর্থাৎ, কয়েক বছর ধরে তালিকায় অবস্থান ক্রমেই নিচের দিকে যাওয়ার পর এবার তিনি শীর্ষ ৫০-এর বাইরে চলে গেলেন।
বাংলাদেশে জন্ম নেওয়া মুহাম্মদ আজিজ খান ২০১৮ সালে প্রথমবার ফোর্বসের সিঙ্গাপুরের ধনীদের তালিকায় জায়গা পান। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৯১ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি বা ১.১ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের তালিকায় তার সম্পদ ১০ কোটি ডলার কমে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারে নেমে আসে।
এবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পাওয়ার জন্য ন্যূনতম সম্পদের সীমা ছিল ১ বিলিয়ন ডলারের বেশি, যার ফলে সামান্য ব্যবধানের জন্য তালিকা থেকে বাদ পড়েন আজিজ খান।
আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা এবং বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান। বিদ্যুৎ ও জ্বালানি খাত তাঁর সম্পদের প্রধান উৎস। বাংলাদেশে সামিটের বিদ্যুৎ উৎপাদন, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জ্বালানি কোম্পানি- জেইআরএ সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ারের মালিক।
ফোর্বসের ২০২৬ সালের তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২৩৯ বিলিয়ন ডলার। সম্পদের হিসাব তৈরিতে শেয়ার মালিকানা, আর্থিক তথ্য, শেয়ারবাজারের দর ও বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে; মূল্যায়নের ক্ষেত্রে ১৪ আগস্টের-এর বাজারদর ব্যবহার করা হয়েছে।
এবারের তালিকায় শীর্ষে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন, যার আনুমানিক সম্পদ ৩২.৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে কুয়েক লেং বেং ও তার পরিবার, তাদের সম্পদের পরিমাণ ১৬.১ বিলিয়ন ডলার। ১৪.৩ বিলিয়ন ডলার নিয়ে রবার্ট ও ফিলিপ এনজি রয়েছেন তৃতীয় অবস্থানে।
তবে শীর্ষ ৫০-এর তালিকা থেকে বাদ পড়লেও আজিজ খান এখনো বিলিয়নিয়ার হিসেবে ফোর্বসের আলাদা তালিকায় রয়েছেন। তালিকায় এখনো তার সম্পদের মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দেখানো হচ্ছে।
সূত্র: ফোর্বস
এমএইচআর