আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি হামলায় এক ব্যক্তি ও তার আট বছরের মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
আল শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সালমিয়া জানান, পশ্চিম গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ইউসুফ আকিলা ও তার মেয়ে ওয়াফা নিহত হয়। আহত হয় আরও ছয়জন।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হামলার ফলাফল কী হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে গাজা সিটিতে পৃথক দুটি ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
তারা জানান, গাজা সিটির পূর্বদিকে একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কাছে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হন। এ ছাড়া বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে সাত বছরের এক মেয়ে নিহত হয়। ফলে রোববার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত চারজনে।
২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিতে গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলের দাবি, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতেই এসব অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং গাজা সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা দিচ্ছে। ওই পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ও রয়েছে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, আল-জাজিরা
এফএ