আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম
সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ -এর তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্টমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। এর ফলে দেশটির ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হবে এবং ওয়াশিংটন থেকে দামেস্কে সামরিক সহায়তা দেওয়ার পথও খুলবে।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, একই সঙ্গে হায়াত তাহরির আল-শাম’কেও ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’র তালিকা থেকে সরানো হয়েছে।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একসময় হায়াত তাহরির আল-শাম-এর নেতা ছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের।
রুবিও বলেন, ‘এটি সিরিয়ার জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ।’
সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সিরিয়ার প্রধান মিত্র তুরস্কের সঙ্গেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক ওই হামলাকে ‘গুরুতর ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।
তার আশঙ্কা, তুরস্ককে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে থাকতে পারে।
সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’র তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্র আগেই দিয়েছিল। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তার বৈঠককে এর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়।
শারার জন্য ওই বৈঠকও ছিল বড় কূটনৈতিক সাফল্য। একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা একজন ব্যক্তি হিসেবে তার হোয়াইট হাউসে প্রবেশ ছিল নজিরবিহীন।
-এমএমএস