আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পিটিশন দায়ের করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
শনিবার (২২ আগস্ট) পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে গিয়ে ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারির সঙ্গে যৌথভাবে এ পিটিশন দাখিল করেন।
গত মঙ্গলবার আদালত ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
কিন্তু শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করার পর আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন:
সরকারের এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, শিফা হাসপাতালের সামনে ও যাওয়ার পথে পিটিআই নেতা-কর্মীদের ভিড়ের কারণে নিরাপত্তাজনিত বড় ঝুঁকি তৈরি হয়েছিল।
তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পিআইএমএসে নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, শিফা হাসপাতালের চিকিৎসকরাও পিআইএমএসে উপস্থিত ছিলেন।
পিটিআইয়ের পিটিশনে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের আদেশ লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার আবেদন জানানো হয়েছে।
একইসঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি, আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ এবং আইন অনুসারে শাস্তি দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
এছাড়া ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা নিশ্চিত করার এবং আদালতের আদেশ বাস্তবায়নে একজন আদালত কর্মকর্তা বা স্থানীয় কমিশন নিয়োগের আবেদনও করা হয়েছে।
-এমএমএস