Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে একইভাবে জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ইরানও তার উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির একজন আইনপ্রণেতা। 

বুধবার স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি এই মন্তব্য করেন।

ইরানের ওপর মার্কিন পারমাণবিক হামলার সম্ভাবনা কতটা বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি মনে করি না যে তিনি এমন কিছু করার সাহস দেখাবেন, কারণ এই ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানও এর জবাব দেবে এবং ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে এর প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ হবে।’

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানকে আক্রমণ করলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, ‘যুক্তরাষ্ট্র যা-ই ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দেবে।’

মালেকি স্পষ্টভাবে বলেননি যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে তিনি ওয়াশিংটনকে আরও সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেন, ‘ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাবে সমপর্যায়ের বা তার চেয়েও বেশি পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে’।

‘ইরানের অনেক অস্ত্রশস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো উন্মোচিত হয়নি’— উল্লেখ করে মালেকি আরও বলেন, তেহরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এমন এক অবস্থানে পৌঁছেছে, যাকে তিনি ‘সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ’ হিসেবে বর্ণনা করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় জুনের তেহরান-ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ব্যর্থতার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছেন মালেকি।

তিনি আরও বলেন, ওয়াশিংটন তার পূর্বের প্রতিশ্রুতি মেনে না চললে ইরান আলোচনায় ফিরবে না এবং অন্যথায় হরমুজ প্রণালিসহ বিভিন্ন বিষয় অমীমাংসিতই থেকে যাবে।

সূত্র: আনাদোলু

এমএইচআর