আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম
পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় জনের মধ্যে আরো দুই জনের পরিচয় জানিয়েছে স্থানীয় পুলিশ।
তারা হলেন ভারতের বিহারের বাসিন্দা সন্দিপ পাসওয়ান (১৯) ও শিলিগুরির ইয়োগ নারায়ণ আগরওয়াল (৬৮)। এরমধ্যে ইয়োগ নারায়ণ হোটেলটির কর্মচারী বলে জানা গেছে।
এর আগে এই ঘটনায় নিহত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছিল কলকাতা পুলিশ।
তাদের মধ্যে আছেন— কুষ্টিয়া সদর উপজেরার আরুয়াপাড়ার বাসিন্দা ও আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শারমিন (২৫), তাদের শিশুসন্তান শর্ণশিষ দত্ত (২) এবং দেবাশিসের শশুর মো. আকরাম আলী (৬৪)। এছাড়া বাবু আহমেদ বাবু নামে ৩৭ বছর বয়সী পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই হোটেলে নিহত দুই জনের পরিচয় এখনো নিশ্চিত করা বাকি আছে।
এরআগে মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগে। আগুন লাগা এই হোটেল ভবনসহ আশেপাশের এলাকাটি কলকাতায় আসা বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হোটেলের স্যুইচ বোর্ড অথবা এসি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।
এমএইচআর