Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলটকে আটকে রেখেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত হওয়া দুটি ইরানি যুদ্ধবিমানের ৩ পাইলট এখনো জীবিত আছেন। বর্তমানে তারা কাতারে আটক রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সৈন্যদের অনুসন্ধানে গঠিত বিশেষ কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ এই তথ্য জানান। এর মাধ্যমে দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ থাকা এই পাইলটদের ভাগ্য নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল। 

বাঘেরজাদেহের একটি চিঠির বরাতে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গত ২ মার্চ ইরানের শিরাজের বিমানঘাঁটি থেকে ওড়া রাশিয়ার তৈরি ‘সুখোই-২৪’ যুদ্ধবিমানগুলো কাতারে অবস্থিত মার্কিন ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতে বোমাবর্ষণ করে। সফল মিশন শেষে পারস্য উপসাগর হয়ে ইরানে ফেরার পথে বিমানগুলো প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে বিধ্বস্ত হয়। 

সূত্রমতে, কাতারি বিমানবাহিনীর একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান দুটিকে ভূপাতিত করেছিল।

দুটি বিমানে মোট ৪ জন পাইলট ছিলেন। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজেমি নামে একজন পাইলট নিহত হন, যার মরদেহ ডিএনএ পরীক্ষার পর গত মাসে ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। বাকি ৩ জন পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে পেরেছিলেন, তবে কাতার কর্তৃপক্ষ তাদের আটক করে।

ইরানি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, কাতার হেফাজতে থাকা ৩ পাইলট হলেন— জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান এবং ওমরান বেহরাভেসিয়ান। গত ছয় মাস ধরে কাতার তাদের আটক করে রেখেছে এবং পরিবার বা অন্য কারও সঙ্গে দেখা কিংবা যোগাযোগ করতে দিচ্ছে না।

বাঘেরজাদেহ আরও জানিয়েছেন, কাতার বিগত ৬ মাস ধরে এই পাইলটদের কোনো ধরনের আইনি সুযোগ-সুবিধা দেয়নি। এমনকি তাদের পরিবারের সাথে বা ইরানি কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। 

ইরান সরকার এখন জেনেভা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে কাতারকে এই পাইলটদের স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। 

তবে ইরানের এই দাবির পরিপ্রেক্ষিতে কাতার সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু, এনডিটিভি 


এমএইচআর