আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারী বা সেটলারদের সঙ্গে ইসরায়েলি সেনা বাহিনীর মধ্যে ‘বিরল’ এক সংঘাত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পশ্চিমতীরের ফিলিস্তিনি গ্রাম কুসরার উপকণ্ঠে হয়েছে এ সংঘাত।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস জেলার ফিলিস্তিনি গ্রাম কুসরায় ঘটেছে এ ঘটনা। চার দিন আগে কুসরার উপকণ্ঠে একটি আউটপোস্ট বা চৌকি স্থাপন করে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল।
এতে ওই গ্রামের ৩টি বাড়ির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েন ওই বাড়িটির লোকজন। খবর রয়টার্সের।
ইহুদি বসতি স্থাপনকারীরা চৌকি স্থাপনের ৩ দিন পর বিষয়টি নজরে আসে ওই এলাকায় মোতায়েনকৃত ইসরায়েলি সেনাদের।
গত পরশুদিন ঘটনাস্থলে যায় ইসরায়েলে সেনাবাহিনীর একটি দল। সেখানে গিয়ে তারা সেটলারদের চৌকি অপসারণ করতে আহ্বান জানায়।
কিন্তু ইহুদি বসতি স্থাপনকারীরা সেই আহ্বানে কর্ণপাত না করে সেনা-সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। তার পরের দিন বুধবার সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করা শুরু করলে শুরু হয় সংঘাত।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ সময়ে সেনাদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছিল বসতি স্থাপনকারীরা আর অন্যদিকে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন:
বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করে এবং তাদের চৌকি ভেঙে দিয়ে ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলি সেনারা। তবে, সেনাবাহিনী চলে যাওয়র পর ফের সেখানে ফিরে এসেছে বসতি স্থাপনকারীরা।
কুসরার অবরুদ্ধ ৩টি বাড়ির একটির বাসিন্দা আয়শা হাসানের সঙ্গে কথা হয়েছে রয়টার্সের। তিনি বলেছেন, তারা (বসতি স্থাপনকারীরা) আমাদের বাড়ির ফটক ভাঙচুরের চেষ্টা করেছে, পাথর ছুড়ছে, গালাগাল-অপমান করছে। আমরা ভয়ে মরে যাচ্ছি, চরম আতঙ্কিত অবস্থায় আছি।
এ ব্যাপারে অধিকতর তথ্যের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে ওই বিভাগের কর্মকর্তারা বলেন, ওই এলাকায় সীমান্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন অবস্থায় আছেন। পরিস্থিতি খুব একটা শান্ত হয়নি”, রয়টার্সকে বলেছেন এক কর্মকর্তা।
এদিকে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা ইসলায়েলি সেনাদের সঙ্গে ইহুদি সেটলারদের এই সংঘাতকে ‘বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছেন।
তাদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে একটি উগ্র ডানপন্থি সরকার ক্ষমতায় আছে এবং এই সরকারের অধিকাংশ সদস্য ও কর্মকর্তা চরমভাবে ফিলিস্তিন ও মুসলিম বিদ্বেষী এবং একই সঙ্গে ইহুদি সেটলারদের প্রতি অনুকূল।
তদুপরি ২০২২ সালে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত চার বছরে আন্তর্জাতিক আইনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেটলারদের জন্য পশ্চিমতীরে কয়েক হাজার অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের অনুমতি দিয়েছে ইসরালের সরকার।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে জয়ী হয়ে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত হওয়ার কারণে ৫ হাজার ৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের এই ভূখণ্ডকে সাধারণভাবে পশ্চিম তীর বলা হয়। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন।
নেতানিয়াহু ক্ষমতায় আসার পর গত ৪ বছরে পশ্চিম তীরে ইহুদি সেটলারদের জন্য ১৪৬টি নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের সরকার।
-এমএমএস