Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ পার্টির 

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে আবারও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের প্রতিবাদী প্লাটফর্ম ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দিল্লিতে দলের একটি সাধারণ সভার হল বুকিং বাতিল এবং আয়োজকদের হুমকি দেওয়ার পেছনে ক্ষমতাসীন বিজেপি সরকারের চাপকে দায়ী করে এই ঘোষণা দেওয়া হয়। 

বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন যন্তর মন্তর সিজন-টু (দ্বিতীয় দয়া) কবে আসছে। তাদের আমি জানাতে চাই খুব শিগগিরই যন্তর মন্তর সিজন টু আসছে।’

তিনি অভিযোগ করেন, ‘আজ দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউই আমাদের ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল ওপর থেকে চাপ আসছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। আমাদের কাছে এর রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে, যদি তারা এখানে সিজেপির সভা হতে দেন, তাহলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’

বিজেপি সরকারের সমালোচনা করে দীপকে বলেন, ‘এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে যে এই ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে আমরা ভয় পেয়ে যাব, তবে তারা মারাত্মক ভুল করছে।’

প্রসঙ্গত, গত জুন মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জুনে প্রথম দফার আন্দোলন শুরু করেছিল সিজেপি। টানা ৩৬ দিন যন্তর মন্তরে তাদের অবস্থান ও বিক্ষোভের পর গত ২৫ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারি আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনটি স্থগিত করা হয়েছিল। তবে হল বুকিং বাতিলের এই ঘটনায় আবারও দিল্লির রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

সূত্র: এনডিটিভি

এমএইচআর