Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ধ্বংসাবশেষের প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

যারমধ্যে মার্কিনিদের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানও আছে। খবর ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০দিন যুদ্ধ চলে। এ সময় মার্কিনি ও ইসরায়েলিদের ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করে বিপ্লবী গার্ডের এরোস্পেস ইউনিট।

তাসনিম নিউজ শুক্রবার (৭ আগস্ট) জানিয়েছে, এ প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। যেটি ‘রমজানের যুদ্ধের’ সময় ভূপাতিত করা হয়েছিল।

এই ধ্বংসাবশেষের মধ্যে আছে পাইলটের আসন, ক্যানোপি কভারের অংশ এবং বিমানের রাডারের কিছু অংশ।

এছাড়া মার্কিনি ও ইসরায়েলিদের মিসাইলের ধ্বংসাবশেষও প্রদর্শনীতে ছিল।

বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাবি তাসনিম নিউজকে বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেয়। 

এ সময় জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। আর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা সেই প্রতিরক্ষা ব্যবস্থারই একটি সফলতা।

-এমএমএস