আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশের বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি-কে নিয়োগ দিয়েছে সৌদি আরব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
এতে বলা হয়, প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্যরাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকবেন।
এরআগে গত ৩০ জুলাই রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সামরিক বৈঠকের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটটির নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’। এই জোটের লক্ষ্য হলো বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি করা, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা, আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত করা এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।
জোটের স্বাক্ষরকারী ১৪টি দেশ—বাংলাদেশ, বাহরাইন, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদি আরব এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী দেশ হিসেবে এর স্থায়ী সদর দফতর বা প্রধান কার্যালয় হিসেবে কাজ করবে।
মূলত, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপ এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ও দেশটির ইয়ানাবু বন্দরে ড্রোন হামলার পর এই জোট গঠনের উদ্যোগ নেয় রিয়াদ।
এদিকে বাংলাদেশের ইউরোপ ও আমেরিকার বাজারে মোট রফতানি বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ পণ্য এই লোহিত সাগর ও এর সংলগ্ন সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১২-১৩ আগস্ট জোটের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে একটি পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক রূপরেখা চূড়ান্ত করা হবে এবং নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি ৩২ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও কৌশলগত পদে দায়িত্ব পালন করছেন। তিনি বহুজাতিক সামরিক সহযোগিতা, অপারেশনাল পরিকল্পনা এবং সামরিক ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থায় বিশেষভাবে পারদর্শী।
বর্তমানে তিনি সৌদি নৌবাহিনীর ‘প্ল্যানিং, বাজেট অ্যান্ড ফোর্স ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: সৌদি গেজেট, আলজাজিরা
এমএইচআর