Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৪১ দিন পর দেশটির সরকারি হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। 

সোমবার দেশটির পার্লামেন্টের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেস এই তথ্য নিশ্চিত করেছেন। 

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে শেয়ার করা একটি পোস্টে তিনি আরও জানান, ভূমিকম্পের পর প্রায় ৬১ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সরকারিভাবে সঠিক সংখ্যা প্রকাশ না করা হলেও প্রায় ১ হাজার ৪০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যা ১০ হাজারের বেশি। 

গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। শুধু তাই নয় জোড়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ৩৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ১৯০০ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে দেশটির লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেনেজুয়েলার সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্পূর্ণ ধ্বংস হয়েছে ১৯০টি ভবন এবং ১৬ হাজার ২০০টিরও বেশি স্থাপনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যদিও মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের একটি প্রাথমিক মূল্যায়নে অনুযায়ী প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 

যদিও বিধ্বংসী এই ভূমিকম্পের ৪১ দিন পার হলেও এখন পর্যন্ত মাত্র ১৬.৫ শতাংশ ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।  

অন্যদিকে এখনো প্রায় ২৪ হাজার গৃহহীন মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। এই উপচে পড়া ক্যাম্পগুলোতে পর্যাপ্ত পানি ও স্যানিটেশনের অভাব দেখা দেওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে।

গৃহহীন মানুষদের আবাসন সংকট দূর করতে গত শুক্রবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে একটি নতুন ভাড়া আইন পাস করেছে।

এ পদক্ষেপকে ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয়ের জন্যই লাভজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

তিনি জানান, ‘আমরা ধারণা করছি, এই আইনের মাধ্যমে প্রায় ৪ লাখ পরিবার উপকৃত হবে’। এছাড়াও চলতি বছরের শেষ নাগাদ ক্ষতিগ্রস্তদের ৪ হাজার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রদ্রিগেজ। 

সূত্র: আলজাজিরা 

এমএইচআর