Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যস্ত রেস্তোরাঁয় গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে দক্ষিণ আইডাহোর ইন-এন-আউট নামে রেস্তোরাঁয় ওই গোলাগুলির ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, হামলাকারী মারা গেছে এবং এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। 

তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ রেস্তোরাঁর কাছের একটি এলাকা থেকে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের তালিকায় সন্দেহভাজন ব্যক্তি অন্তর্ভুক্ত কিনা, তা তিনি জানাননি।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক ও একটি নিকটবর্তী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি যুক্তরাষ্ট্রের আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।

-এমএমএস