আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ বিমান হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতসহ মধ্যপ্রাচ্যেজুগে নতুন উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে (জিএমটি) আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একলাফে ৪ দশমিক ১৪ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৬৯ ডলার বা ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
এরআগে গত শনিবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধের পর তেলের দাম টানা কমতে থাকে। তবে গতকাল মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘চমক হিসেবে’ এই হামলা চালিয়েছে।
অন্যদিকে সৌদি তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করে ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ কমে যাওয়ার কারণে তেলের দাম আবার বাড়ছে।’
এছাড়াও ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বিবেচনা করছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত নিরসনের আশা ফিকে হয়ে আসায় নিকট ভবিষ্যতে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ থেকে ১০০ ডলারের ঘরেই ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
এমএইচআর