Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ফ্রান্সে আশ্রয় আবেদনে নবম বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক দফতর (অফপ্রা) জানিয়েছে, ২০২৫ সালে দেশটিতে মোট এক লাখ ৪৫ হাজার ২৭০টি আন্তর্জাতিক সুরক্ষা আবেদন জমা পড়েছে। আগের বছরের তুলনায় আবেদন কমলেও বাংলাদেশি নাগরিকরা এখনও শীর্ষ আবেদনকারী দেশগুলোর তালিকায় রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সম্প্রতি প্রকাশিত অফপ্রার ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রেকর্ড ১ লাখ ৫৩ হাজার ৭১৫টি আবেদন জমা পড়ার পর ২০২৫ সালে আবেদন কিছুটা কমে আসে।

তবে প্রথমবারের আশ্রয় আবেদন ১৪.৪ শতাংশ কমলেও আশ্রয় আবেদন পুনর্বিবেচনার আবেদন বেড়েছে ৪৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মোট ১ লাখ ১১ হাজার ৩৪৩টি ছিল প্রথমবারের আশ্রয় আবেদন। একই সময়ে পুনর্বিবেচনার আবেদন ছিল ৩৩ হাজার ৭১৩টি।

ইউক্রেন শীর্ষে, বাংলাদেশ নবম

অফপ্রার তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো আশ্রয় আবেদনকারীদের তালিকায় ইউক্রেন শীর্ষে উঠে এসেছে। দেশটি থেকে ১১ হাজার ৯৮৯টি আবেদন জমা পড়েছে। ২০২২ সালে রাশিয়ার হামলার পর থেকেই দেশটি থেকে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় আবেদন অব্যাহত রয়েছে। 

দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। তাদের আবেদন ১১ হাজার ৩৩৮টি। টানা সাত বছর শীর্ষে থাকার পর এশিয়ার দেশ আফগানিস্তান নেমে এসেছে তৃতীয় স্থানে, যেখানে আবেদন হয়েছে ১০ হাজার ৮২২টি।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে গিনি (৫ হাজার ৯৩৮) এবং আইভরি কোস্ট (৫ হাজার ২১৪)। এরপর রয়েছে হাইতি, তুরস্ক ও সুদান। বাংলাদেশ ২০২৫ সালে নবম অবস্থানে রয়েছে। এ বছর আশ্রয় আবেদন করেছেন ৩ হাজার ৮১৬ জন বাংলাদেশি, যা আগের বছরের তুলনায় ৩৬.৭ শতাংশ কম।

বাংলাদেশিদের মধ্যে নারীর হার ছিল ১৮.৬ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর হার ৭.৩ শতাংশ।

প্রথমবারের আবেদন ও পুনর্বিবেচনার আবেদন মিলিয়ে বাংলাদেশিরা ২০২৫ সালে মোট ৪ হাজার ৫৩৪টি আশ্রয় আবেদন জমা দিয়েছেন।

বাংলাদেশিদের সুরক্ষা পাওয়ার হার কম

অফপ্রার পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে অফপ্রার সিদ্ধান্তে ৩৯৩ জন বাংলাদেশি শরণার্থী মর্যাদা (রিফিউজি স্ট্যাটাস) অথবা সহায়ক সুরক্ষা (সাবসিডিয়ারি প্রটেকশন) পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশিদের অফপ্রায় সুরক্ষা পাওয়ার হার ৭.৪ শতাংশ। অন্যদিকে ৪ হাজার ৯০৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

অফপ্রা ও সিএনডিএ মিলিয়ে ৫ হাজার ২৩৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের আগে জমা দেওয়া আবেদনও রয়েছে।

এছাড়া অফপ্রা ও ফরাসি জাতীয় আশ্রয় আদালত (সিএনডিএ)-এর সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশিদের মোট সুরক্ষা স্বীকৃতির হার ছিল ৯.৪ শতাংশ।

অফপ্রার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালত (সিএনডিএ) থেকে ৭৯৭ জন বাংলাদেশি শরণার্থী মর্যাদা পেয়েছেন। ফলে অফপ্রা ও সিএনডিএ (প্রাপ্তবয়স্ক+অপ্রাপ্তবয়স্ক) মিলিয়ে মোট ১ হাজার ৩৩৯ জন বাংলাদেশি আন্তর্জাতিক সুরক্ষা পেয়েছেন।

সার্বিক সুরক্ষার হার বেড়েছে

অফপ্রার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে অফপ্রা মোট ১ লাখ ৫৬ হাজার ৫০০টির বেশি সিদ্ধান্ত দিয়েছে, যা আগের বছরের তুলনায় ১০.৩ শতাংশ বেশি। একই সময়ে আন্তর্জাতিক সুরক্ষা পেয়েছেন ৭৮ হাজার ৭৮৩ জন। অর্থাৎ সামগ্রিক সুরক্ষা স্বীকৃতির হার দাঁড়িয়েছে ৪১.২ শতাংশ।

অফপ্রা জানিয়েছে, ২০২৫ সালে আবেদন নিষ্পত্তির গতি বাড়ানো হয়েছে। এর ফলে অপেক্ষমাণ মামলার সংখ্যা প্রায় ১১ শতাংশাংশ কমেছে। পাশাপাশি শরণার্থী ও সুরক্ষা পাওয়া ব্যক্তিদের জন্য ৭৯ হাজারের বেশি জন্ম সনদ, বিবাহ সনদ ও অন্যান্য নাগরিক নথি ইস্যু করা হয়েছে। এটি আগের বছরের তুলনায় ২.৩ শতাংশ বেশি।

অফপ্রা-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্থাটির গবেষণা বিভাগ বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে প্রস্তুত করা দেশভিত্তিক গবেষণা প্রতিবেদনের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ আলোচিত দেশ।

অন্তত পাঁচটি অনুরোধের ভিত্তিতে পরিচালিত দেশভিত্তিক গবেষণার ৬ শতাংশই ছিল বাংলাদেশকে নিয়ে, যা ইউক্রেন ও আফগানিস্তানের সমান।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমএইচআর