মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ দেখতে কানাডায় যান ৪৫ বাংলাদেশি, ১০ জনই চাইলেন আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ দেখতে কানাডায় যান ৪৫ বাংলাদেশি, ১০ জনই চাইলেন আশ্রয়

২০২৬ ফিফা বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৭৫ নাগরিক দেশটিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন করেছেন। 

কানাডার অভিবাসন বিভাগ- ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)-এর সাম্প্রতিক পরিসংখ্যানের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, টরন্টো ও ভ্যানকুভারে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৩টি ম্যাচ উপলক্ষে বিভিন্ন দেশের মোট ২৬ হাজার ১১১ জনকে ভিজিট ভিসা দেওয়া হয়েছিল। ২০ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৭৫ জন দেশটিতে পৌঁছানোর পর অ্যাসাইলাম আবেদন করেছেন।

আইআরসিসি-এর পরিসংখ্যান অনুযায়ী, এ তালিকায় রয়েছেন- চীন থেকে ২৫ জন, ঘানা থেকে ২৫ জন, মিশর থেকে ১৫ জন, কলম্বিয়া থেকে ১৫ জন, বাংলাদেশ, সেনেগাল এবং নাইজেরিয়া থেকে ১০ জন। এছাড়াও ইকুয়েডর, বুরুন্ডি, নেপাল ও পাকিস্তান থেকে পাঁচ জন করে আবেদনকারী। 

তবে বিশ্বকাপের অংশ নেওয়া কোনো খেলোয়াড় বা দলের কর্মকর্তা আশ্রয়ের আবেদন করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি আইআরসিসি।

এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ দেখার জন্য বাংলাদেশ থেকে মোট ২৮৫ জন আবেদন করলেও কঠোর যাচাই-বাছাই শেষে কানাডা ইমিগ্রেশন মাত্র ৪৫ জনকে ভিজিট ভিসা দেয়। এই ৪৫ জনের মধ্যে ১০ জনই (প্রায় ২২.২২ শতাংশ) সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

ইমিগ্রেশন বিশ্লেষকদের মতে, খেলা দেখার অজুহাতে এভাবে এত বড় অনুপাতে বাংলাদেশিদের থেকে যাওয়ার চেষ্টা ভবিষ্যতে সাধারণ বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী এবং প্রকৃত ক্রীড়ামোদীদের জন্য কানাডার ভিসা প্রাপ্তি আরও কঠিন করে তুলতে পারে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কোনো দলের খেলোয়াড় বা স্টাফদের এভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়া কোনো নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়। বিশ্বের বেশ কিছু দেশের ক্ষেত্রে এটি এতটাই নিয়মিত একটি প্রবণতা যে, দল বিদেশে গেলে সবাই পালিয়ে যেতে পারে—এই আশঙ্কায় দেশগুলো তাদের ক্রীড়া দলকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতিই দেয় না।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দলের সদস্যরা বিদেশে গেলে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন—এই নিশ্চিত আশঙ্কায় পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার ফুটবল ফেডারেশন তাদের জাতীয় দলকে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়।


সূত্র: আনাদোলু

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর