Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের উদ্দেশে মধ্যরাতে নতুন কঠোর আইনের প্রতিশ্রুতি মোদির

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় মোদি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন কঠোর আইন আনা হচ্ছে। এ আইনের একটি খসড়া তিনি ইতোমধ্যে হাতে পেয়েছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হবে।

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার আদালতে করার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় জাতির উদ্দেশে এ ভিডিও বার্তা দেন মোদি।

তবে বিচার দ্রুত করার বিষয়ে মোদির এই আশ্বাস আমলে না নিয়ে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, আমি ভালোভাবেই জানি যে প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এতে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম মানসিক কষ্টে পড়েন। এ কারণে এসব ঘটনার পর গত আড়াই মাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে।’

তিনি আরও বলেন, নিরলসভাবে গভীর রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে আমার কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এই খসড়ায় দ্রুত বিচার আদালত গঠনসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সহকর্মীদের পরামর্শ যুক্ত করে খসড়াটি চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব বিলটি পার্লামেন্টে পাস করার চেষ্টা করা হবে।


এফএ