ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান তীব্র আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লির অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেসের সব দোকান, অফিস এবং রেস্তোরাঁ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এনডিটিএ) নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা জারি করে।
এতে বলা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁসের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির হাজার হাজার কর্মী সেন্ট্রাল দিল্লিতে জড়ো হয়েছেন। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জানমালের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নির্দেশনার পরপরই কনট প্লেসের আউটার সার্কেলসহ এর আশেপাশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার শত শত দোকানপাট ও খাবারের দোকান দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি..... পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’
অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই। এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।’
তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’
প্রসঙ্গত, মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির ডাকা আন্দোলন গত কয়েক সপ্তাহ ধরে চলছে। গত সোমবার সংসদ অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করেও দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ছাত্র-যুবদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ বিরোধী জোটের নেতারা। এরপর থেকেই আরও তীব্র হচ্ছে আন্দোলন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
এমএইচআর




