আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও আন্দোলনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশটির প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।
বার্তাসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই। এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।’
তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’
আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়ে তিনি আরও বলেছেন যে, ‘ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সকলকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি..... পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’
প্রসঙ্গত, মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির ডাকা আন্দোলন গত কয়েক সপ্তাহ ধরে চলছে। গত সোমবার সংসদ অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করেও দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ছাত্র-যুবদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ বিরোধী জোটের নেতারা। পরে তাদের আটক করে পুলিশ।
সূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সেপ্রেস
এমএইচআর