আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
ইউক্রেনের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার জেরে প্রাণ হারালেন চার ভারতীয় নাগরিক। গুরুতর আহত আরও একজন।
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলেছে চিকিৎসা। গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরপরই ওই হামলার ঘটনাটি ঘটে।
গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়।
চার ভারতীয় নাগরিক নিহত এবং একজন গুরুতর আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই হামলার ঘটনায় রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন।
সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পাওয়া তথ্য অনুযায়ী চারজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক।
একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা, অথবা অন্য কোনও উপায়ে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় এবং এসব বন্ধ করা উচিৎ বলেও জানিয়েছে নয়াদিল্লি।
এই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি, তাদের লক্ষ্য ইউক্রেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
যদিও বিবৃতিটিতে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি। ইউক্রেন জানায়, গত রোববার ওদেসা ছাড়ার পরপরই তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উপকূলের কাছে একটি জাহাজ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ক্রু সদস্যরা ভারত ও সিরিয়ার নাগরিক ছিলেন।
ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার পর সারারাত ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় ন’জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন। অন্য দিকে, ১৭ জন ক্রু সদস্যের মধ্যে আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
-এমএমএস