আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
ইরানের ভয়াবহ হামলার পর জ্বলছে কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি পরিশোধন কেন্দ্র। শনিবার (১৮ জুলাই) ভোরে তেহরান ওই হামলা চালায় বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এর ফলে পানি পরিশোধন কেন্দ্রটির নিরাপত্তা এবং বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে।
এতে আরও বলা হয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজ চলছে। খবর আনাদোলুর।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর হামলা চালাচ্ছে, তখন তেহরানও এর প্রতিশোধ হিসেবে কুয়েতসহ মার্কিনমিত্র ও আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।
যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে।
কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি পরিশোধন কেন্দ্রের পাশাপাশি শনিবার সকাল থেকে ইরান দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে।
এর ফলে বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, শনিবার কুয়েতের জাতীয় বিমান সংস্থা একথা ঘোষণা করেছে এবং জানিয়েছে যে এই পদক্ষেপের কারণে তারা তাদের বেশিরভাগ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন করেছে।
এক বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ বলেছে, ইরানের আগ্রাসনের ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত হওয়ায় বেশিরভাগ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
বিমান সংস্থাটি উল্লেখ করেছে, যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা সম্পর্কে অবগত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
-এমএমএস