Dhaka Mail Logo

আন্তর্জাতিক

৬ লাখ অবৈধ অভিবাসীকে কাজের অনুমতি দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

ইউরোপের দেশ স্পেন তাদের বিশেষ ক্ষমার আওতায় চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হওয়ার আগেই ৬ লাখের বেশি অনিয়মিত বা অবৈধ অভিবাসীকে সাময়িকভাবে কাজ করার অনুমতি দিয়েছে।

সম্প্রতি স্প্যানিস সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেওয়ার পর ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদনকারীদের মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসীকে অস্থায়ী কাজের অনুমতি দেওয়া হয়েছ। 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নিয়মিতকরণ কর্মসূচির আওতায় আবেদনকারীকে এক বছর বসবাসের অনুমতি দেওয়া হবে। তবে র্শত হলো, ওই অভিবাসী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত নন। 

এই বিষয়ে দেশটির সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ জানান, প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা হাতে নিয়েছিল সরকার। শেষ তারিখ অর্থাৎ ৩০ জুন পর্যন্ত এর প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের বেশিরভাগই ল্যাটিন অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। আবেদন যাচাই-বাছাইয়ের সময়ে তাদেরকে কাজের যোগদানের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।  

স্প্যানিস সরকারের তথ্য মতে, সাময়িক অনুমতি পাওয়া মোট ছয় লাখ নয় হাজার ৭৩৭ জন অভিবাসীর মধ্যে ৩০ জুন পর্যন্ত সময়ে এক লাখ ৬০ হাজার অভিবাসী আনুষ্ঠানিক খাতে কাজে যোগ দিয়েছেন। আবেদনকারীদের মধ্যে ১১ হাজার অভিবাসী ইতিমধ্যে এক বছরের বসবাসের অনুমতি পেয়েছেন।  আবেদনকারীদের ৮১ ভাগ ৪৫ বছরের কম বয়সি আর মোট আবেদনকারীর ৫৭ ভাগ নারী।

সূত্র: রয়টার্স, ইনফোমাইগ্রেন্টস

এমএইচআর