ইউরোপের দেশ স্পেনে অনিয়মিত অবস্থায় বসবাসরত অন্তত পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। দীর্ঘ দুই দশক পর এমন সিদ্ধান্ত নিল স্প্যানিশ সরকার। এর মধ্য দিয়ে স্পেনের সমাজ ও শ্রমবাজারে ইতিমধ্যে যুক্ত হওয়া অনিয়মিত অভিবাসীদের এখন আইনি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের এমন ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে নির্বাচনে ভোটাধিকার ক্ষমতাসহ বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যে বলা হচ্ছে, নিয়মিত হওয়ার পর এসব অভিবাসীরা দেশটির সাধারণ, আঞ্চলিক এবং পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারবেন।
বিজ্ঞাপন
এই ধরনের একটি বার্তা মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হয়েছে, যা তিন হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘সানচেজ (স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ) জানেন তিনি জনসমর্থন হারিয়েছেন। এ কারণে তিনি এখন সবাইকে বৈধ করছেন, যাতে ২০২৭ সালের নির্বাচনে এসব অভিবাসী তাকে ভোট দিতে পারেন।’’
আরেকটি পোস্টে বলা হয়েছে: ‘‘সাধারণ নির্বাচনের এক বছরেরও কম সময় আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিয়ে ভোটারের তালিকা পরিবর্তন করা কি নির্বাচনি জালিয়াতি নয়?’’
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এর মধ্যেই তাদের প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক মাধ্যমের এসব দাবি মিথ্যা। তবুও এসব বিষয় নিয়ে অনেকের মধ্যে রয়েছে নানা সংশয়, নানা দ্বিধা। এমন প্রেক্ষাপটে যে পাঁচ লাখ অভিবাসী বৈধতা পেতে যাচ্ছেন, তারা কী কী অধিকার পাবেন, প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে, কেন এই নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু হলো—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।
কারা উপকৃত হবেন?
সরকারি ঘোষণা অনুযায়ী এই নিয়মিতকরণ প্রক্রিয়ায় যেসব বিদেশি নাগরিক অংশ নিতে পারবেন, তারা হলেন:
- ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে যারা স্পেনে বসবাস করছেন
- নিয়মিত হওয়ার আবেদন করার সময় কমপক্ষে টানা পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এমন প্রমাণ যারা দেখাতে পারবেন
- যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং যারা জনশৃঙ্খলার জন্য হুমকি নয়
- ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা দেশটিতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন
সরকারি ঘোষণাটি চূড়ান্ত অনুমোদন পেলে, নিয়মিতকরণের আবেদন গ্রহণ শুরু হবে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত অনিয়মিত অভিবাসীরা নিয়মিত হওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
নিয়মিত হওয়ার পর কী কী সুবিধা পাবেন?
১. এক বছর মেয়াদি বসবাসের অনুমতি
একজন অনিয়মিত অভিবাসীর আবেদন মঞ্জুর হলে তিনি প্রাথমিকভাবে স্পেনে আইনিভাবে বসবাসের জন্য এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাবেন।
প্রথম বছর শেষে স্পেনের সাধারণ অভিবাসন ব্যবস্থা অনুযায়ী বসবাসের অনুমতি পেতে যে উপায়গুলো রয়েছে, তার একটি বেছে নিয়ে রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি নবায়ন করতে হবে। এই নিয়মিতকরণের অর্থ হলো একজন অভিবাসীকে আইনি ভিত্তি দেওয়া। এর অর্থ স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া নয়।
২. কাজের অধিকার
একজন অভিবাসী অনিয়মিত থেকে নিয়মিত হলে তিনি স্পেনের যে-কোনো জায়গায় যে-কোনো খাতে কাজ করার আইনি অধিকার পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সরকার জানিয়েছে, নিয়মিত হওয়ার আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আবেদনকারীরা বৈধভাবে কাজ শুরু করতে পারবেন।
এর মূল লক্ষ্য হলো:
- কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা ছাড়াই স্পেনের যে-কোনো স্থানে কাজ করার সুযোগ
- আনুষ্ঠানিক চাকরিতে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ
- অনানুষ্ঠানিক বা অবৈধ শ্রমবাজার থেকে বের হয়ে আসার সুযোগ
সরকার বলছে, এর মাধ্যমে শ্রম শোষণ কমবে এবং শ্রমিক ও নিয়োগকর্তার উভয়ের জন্য আইনি অধিকার নিশ্চিত হবে।
৩. পারিবারিক পুনর্মিলন
যেসব অনিয়মিত অভিবাসীর সন্তান ইতিমধ্যেই স্পেনে আছেন, তারাও নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক অনিয়মিত অভিবাসীরা পাঁচ বছর মেয়াদি বসবাসের অনুমতি পেতে পারেন। এতে তাদের পরিবারগুলোর অবস্থা আরো স্থিতিশীল হবে।
৪. সামাজিক নিরাপত্তা ও সেবার অধিকার
বৈধভাবে কাজ করলে স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ পান একজন কর্মী। এর মধ্য দিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু অধিকার অর্জন করেন। এগুলো হলো:
- আনুষ্ঠানিক শ্রম অধিকার সুরক্ষা
- পেনশন তহবিলে অবদান রাখা
- কর্মসংস্থান-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ
সরকার এই ব্যবস্থাকে স্পেনের আইনি ও সামাজিক কাঠামোতে অভিবাসীদের ‘অন্তর্ভুক্তি’র একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।
নিয়মিত হলে যা পাওয়া যাবে না
১. স্বয়ংক্রিয় নাগরিকত্ব
নিয়মিত হওয়া মানেই কিন্তু স্পেনের নাগরিকত্ব পাওয়া নয়। বসবাসের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার ভিন্ন আইনি পথ রয়েছে। সাধারণত ১০ বছর ধরে স্পেনে বৈধভাবে বসবাস করা একজন অভিবাসী দেশটির নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারেন। তবে, বিশেষ কিছু ক্ষেত্রে আরো কম সময়েও সেটা সম্ভব।
ইবেরো-অ্যামেরিকান দেশ, আন্ডোরা, ফিলিপিন্স, ইকুয়েটোরিয়াল গিনি, পর্তুগাল এবং সেফার্ডিক বংশোদ্ভূত ব্যক্তিরা মাত্র দুই বছর অবস্থান করেই স্পেনের নাগরিকত্বের আবেদন করতে পারেন।
স্পেনে স্বীকৃত একজন শরণার্থী পাঁচ বছর পরই নাগরিকত্বের আবেদন করতে পারেন।
একজন অভিবাসী নিয়মিত হওয়ার পর থেকেই স্পেনে তার বৈধ বসবাসের সময় গণনা শুরু হয়। ফলে, নিয়মিত হওয়া নাগরিকত্ব অর্জনের একটি ধাপ মাত্র। কিন্তু নাগরিকত্ব অর্জন সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া।
২. জাতীয় নির্বাচনে ভোটাধিকার ক্ষমতা
নিয়মিত হলেই একজন অভিবাসী স্পেনের জাতীয় বা আঞ্চলিক নির্বাচনে ভোট দিতে পারেন না। একমাত্র দেশটির নাগরিকত্ব পাওয়ার পরই ভোটাধিকার ক্ষমতা অর্জন করেন একজন ব্যক্তি।
পৌরসভা (মিউনিসিপ্যাল) নির্বাচন আলাদা বিষয়। কিছু সংখ্যক বিদেশি যেমন, ইউরোপীয় ইউনিয়নের নাগরিক এবং কিছু দেশের নাগরিক যাদের সঙ্গে স্পেনের দ্বিপাক্ষিক চুক্তি আছে, তারা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেন। তবে এটি নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। এগুলো হলো: কোন দেশের নাগরিক, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বৈধভাবে বসবাসের অনুমতি। এর অর্থ হলো শুধু নিয়মিত হওয়া মানেই ভোটাধিকার পাওয়া নয়।
যা এখনও অস্পষ্ট
সরকার নিয়মিতকরণের ঘোষণা দিয়েছে ঠিকই। কিন্তু এ সংক্রান্ত আইনটি প্রণয়ন হলেই প্রক্রিয়াটি কার্যকর হবে। তাই কিছু কিছু বিষয় আছে যা চূড়ান্ত নথি বা বাস্তবায়ন নির্দেশিকায় হয়তো আরো স্পষ্ট করা হতে পারে। এগুলো হলো:
- আবেদনের সঠিক প্রক্রিয়া (অনলাইন প্ল্যাটফর্ম, অফিস, অ্যাপয়েন্টমেন্ট)
- একজন অনিয়মিত অভিবাসী পাঁচ মাস বা তারও বেশি সময় ধরে স্পেনে আছেন, তা প্রমাণের মানদণ্ড কী হবে?
- বিভিন্ন প্রদেশে আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা ও সময়সীমা
ফলে যারা আবেদন করার কথা ভাবছেন, তাদের অবশ্যই আগামী কয়েক সপ্তাহে ধরে স্পেন সরকারের এ বিষয়ক তথ্যগুলোতে নজর রাখা জরুরি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমএইচআর




