images

আন্তর্জাতিক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎকে ক্যামেরার সামনেই মারধর

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন ২০২৬, ১১:৩৭ পিএম

ভারতের জয়পুরে বিক্ষোভ কর্মসূচির সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) পুলিশ জানিয়েছে, সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলে পৌঁছানোর সময় কয়েকজন যুবক তাকে চড় মারে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুলিশ দুই যুবককে আটক করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, জয়পুরের শহীদ স্মারকে আয়োজিত বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। বিক্ষোভে নিট প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছিল।

অভিজিৎ দিপকে যখন সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলে প্রবেশ করছিলেন, তখন ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক তাকে চড় মারেন। পরে দিপকের সমর্থকেরা অভিযুক্তদের ধরে মারধর শুরু করলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করা হয়।

সিজেপি জানিয়েছে, নিট, সিবিএসই, কুয়েট ও এসএসসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই আন্দোলন চালানো হচ্ছে।

সংগঠনটির দাবি, এটি একটি শান্তিপূর্ণ সাংবিধানিক আন্দোলন, যার লক্ষ্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের উদ্বেগ এবং পরীক্ষা ও নিয়োগব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্নগুলো সামনে আনা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও অধিকারকর্মীদের সমর্থন পেয়েছে।

রোববার রাতে জয়পুরে পৌঁছান অভিজিৎ দিপকে। শুরুতে স্থানীয় প্রশাসন বিক্ষোভের অনুমতি না দিলেও পরে শর্তসাপেক্ষে অনুমোদন দেয়।

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত স্থানে একসঙ্গে সর্বোচ্চ ৮০০ জন অংশগ্রহণ করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কিংবা অনুমোদিত সংখ্যার বেশি মানুষ জমায়েত হলে ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়।

এদিকে, আন্দোলনটির প্রতি সমর্থন জানিয়েছেন লাদাখের পরিচিত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তিনি বলেছেন, অভিজিৎ দিপকেকে গ্রেফতার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন শুরু করবেন।

এর আগে সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দিল্লির জন্তর মন্তরে পৃথক একটি বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই আন্দোলন চালানো হচ্ছে বলে সংগঠনটির দাবি।

এদিকে ককরোচ জনতা পার্টি আগামীকাল ১৬ জুন নাগপুরে আরেকটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে জানান, তিনি ১৬ জুন নাগপুরে পৌঁছাবেন এবং সেদিন বিকেল ৪টায় সংবিধান স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থী ও তরুণদের আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এফএ