আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ০১:২৩ এএম
ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে নির্ধারিত সামরিক ও বিমান হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব একটি খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী ৬০ দিনের জন্য নতুন আলোচনা শুরু হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তা অনুমোদন পেয়েছে। এই বাস্তবতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত সব ধরনের বিমান ও সামরিক হামলা বাতিল করেছি।
আরও পড়ুন: রাতেই কঠিন হামলার হুমকি: ভেনিজুয়েলার মতো ইরানে তেলের নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
ট্রাম্প আরও বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো ধারণাগত ও কারিগরি—উভয় দিক থেকেই সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে।
ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী কাতারের পাশাপাশি ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসর যুক্ত রয়েছে।
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তিটি পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ বহাল থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।
এআর