images

আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ নামে একটি জনপ্রিয় পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত মোজতবার খামেনির সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়নি। তবে সুযোগ হলে তিনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চান। ভবিষ্যতে কোনো এক সময় এ সাক্ষাৎ হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়নি। তবে ইরানের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে, এতে অবশ্যই যুক্ত আছেন মোজতবা। আমি মনে করি, তাকে ইরানিরা অনেক সম্মান করেন। তবে যেসব গল্প শোনা যায়, যদি সেগুলো সত্য হয় তাহলে হয়ত মোজতবা তার শরীরের অনেক অঙ্গ হারিয়েছেন’।

ভবিষ্যতে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি। আমি তার (মোজতবার) সঙ্গেও দেখা করতে চাই। সম্ভবত কোনো এক সময় হয়তো তার সঙ্গে দেখা করব। তবে পুরো বিষয়টি (চুক্তি ও আলোচনা) কীভাবে হচ্ছে তার ওপর সবকিছু নির্ভর করবে’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হয়। তবে সেইদিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি। 

এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে তেহরান। এরপর থেকে বিভিন্ন সময়ে বার্তা দিয়ে আসছেন তিনি, যেগুলো রাষ্ট্রীয় টেলিভিশনের পড়ে শোনানো হয়। তবে এখন পর্যন্ত নতুন সর্বোচ্চ নেতা কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এতে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে বলেছে, ধারণা করা হচ্ছে হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে। সেই সঙ্গে তার একটি পা বা উভয় পা-ই গুরুতর আঘাত লেগেছে। একটি সূত্র বলছে খামেনি একটি পা হারিয়েছেন। তবে সর্বোচ্চ নেতার আঘাতের মাত্রা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়নি ইরান সরকার।

সূত্র: নিউইয়র্ক পোষ্ট, টাইমস অব ইসরায়েল

এমএইচআর