আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ০৫:৩১ পিএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, নিখোঁজ থাকা বাকি নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার একটি কারখানায় ‘হোয়াইট লিকার’ নামের রাসায়নিক ভর্তি ট্যাংক ধসে পড়ার (ইমপ্লোশন) পর প্রথমে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই রাসায়নিকটি মূলত কাগজের পাল্প তৈরিতে ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইডের মিশ্রণ।
সপ্তাহজুড়ে নিখোঁজদের খোঁজে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালায় এবং ড্রোন ব্যবহার করে পুরো এলাকা পর্যবেক্ষণ করে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের উপপ্রধান কার্ট স্টিচ।
দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকটিতে প্রায় ৯ লাখ গ্যালন (৩৪ লাখ লিটার) রাসায়নিক ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, এর কিছু অংশ পাশের কলাম্বিয়া নদীতে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত বায়ুর গুণগত মান বা লংভিউ শহরের পানীয় জলে কোনো নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি।
এই কারখানাটি জাপানের দ্বিতীয় বৃহত্তম কাগজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিস-এর মালিকানাধীন। তারা ২০১৬ সালে সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান ওয়েইয়্যারহাউসার- এর কাছ থেকে ২২৫ মিলিয়ন ডলারে এটি অধিগ্রহণ করে এবং ‘নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং’ নামে পরিচালনা করছে।
এফএ