images

আন্তর্জাতিক

ভারত যা চাইবে, তাই পাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে ২০২৬, ০৫:৩১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মোদির ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ হিসেবে অভিহিত করে তিনি ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তাই পাবে।

রোববার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ট্রাম্প বলেন, ‘আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ। তিনি আমার বন্ধু’।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ বলে দাবি করে তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। ভারত শতভাগ আমার এবং আমাদের দেশের ওপর ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে। তারা এখানেই ফোন করবে। ভারত যা চাইবে, তাই পাবে। আমরা ভালো করছি। আমরা একের পর এক রেকর্ড গড়ছি’।

এ সময় তিনি মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি (রুবিও) যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন আপনার কাছে মার্কো, সার্জিওর মতো মানুষ থাকে, তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন’।

মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাকে জানিয়ে দেবেন, আমি তার একজন বড়’।

এর আগে শনিবার সার্জিও গোর ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি নিয়ে ভারকের উদ্বেড়ের মধ্যেই দিল্লি সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এমএইআর