দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারতের ঐতিহাসিক মুসলিম স্থাপত্য ও ভালোবাসার নিদর্শন তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (২৫ মে) তিনি তার স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিওকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই বিশ্ববিস্ময় পরিদর্শনে যান।
বিজ্ঞাপন
১৭শ শতকের মুঘল স্থাপত্যের এই অনন্য নিদর্শনের সামনে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী বেশ কিছু স্মৃতিমধুর ছবি তোলেন এবং তাজমহলের সৌন্দর্য উপভোগ করেন।
এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২৩ মে) ভারতে পৌঁছান মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।
কূটনৈতিক সূত্রে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতি এবং দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাড়তি যোগাযোগের কারণে বর্তমানে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কের ওপর কিছুটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ককে আরও মজবুত এবং জোরদার করতেই রুবিওর এই গুরুত্বপূর্ণ সফর।
নির্ধারিত চার দিনের এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতার পর সোমবার আগ্রা পরিদর্শন করলেন। সফরের বাকি অংশে তার জয়পুর এবং রাজধানী নয়াদিল্লি সফর করার কথা রয়েছে।
-এমএমএস




