images

আন্তর্জাতিক

ভারতে মাদরাসায় গাওয়া বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৬, ১২:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেই মুসলিমদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এবার রাজ্যটির সব মাদরাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গের সরকার। 

রাজ্যের মাদরাসা শিক্ষা দফতর থেকে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে এ তথ্য।

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় বন্দনাগীতি ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক।

এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সবমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে মাদরাসা শিক্ষা দপ্তর।

২০২৬ সালের ১৯ মে (সোমবার) এ নির্দেশিকা জারি করেছে মাদরাসা শিক্ষার ডিরেক্টরেট।

যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদরাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদরাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদরাসা।

‘বন্দে মাতরম’ কবিতা কিংবা গানটির রচয়িতা সুপ্রসিদ্ধ বাঙালি সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

এটি একটি বন্দনাগীতি এবং নিজের ‘আনন্দমঠ’ উপন্যাসে এই গানটি লিখেছিলেন বঙ্কিম। 

ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তৎকালীন স্বাধীনতাকামীদের কাছে গানটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল।

চলতি বছর ফেব্রুয়ারিতে ‘বন্দে মাতরম’ গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকার।

-এমএমএস