আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ০৭:০৮ পিএম
সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে ‘অজ্ঞাত ব্যক্তিরা’ একটি জাহাজ জব্দ করেছে এবং সেটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা- ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সামুদ্রিক সংস্থাটি জানিয়েছে, জাহাজটি আমিরাতের ফুজাইরাহ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে নোঙর করা অবস্থায় ছিল। ওই সময় কিছু অজ্ঞাত ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বর্তমানে জাহাজটি গতি পরিবর্তন করে ইরানের সীমানার দিকে অগ্রসর হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির নাম, মালিকানা দেশ, জাহাজে কতজন আরোহী আছেন এবং ঠিক কারা এই জাহাজটি জব্দ করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইউকেএমটিও। ইরানের পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে চলেছে এবং এলাকার জাহাজগুলোকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে পরামর্শ দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালি কাছে ওমানের উপকূলে হামলার শিকার হয়েছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ। হামলার ফলে আগুন লেগে যায় এবং শেষ পর্যন্ত ডুবে গেছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজের ১৪ নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে ওমানের কর্তৃপক্ষ। হামলাটি কারা চালিয়েছিল তা উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি ও ওমান উপসাগর কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে ইরান। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এ অঞ্চলে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে।
সূত্ৰ: আনাদোলু, এপি
এমএইচআর