আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৬, ০৭:৫৫ এএম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে হত্যা করার দাবি করেছে দখলদার দেশটি।
গত ১৭ এপ্রিল ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল বৈরুতের দক্ষিণাঞ্চলে প্রথম ইসরায়েলি হামলা। খবর আল জাজিরা।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ঘোবেইরি এলাকায় হামলা চালায়। এতে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে এই হামলা চালানোর নির্দেশ দেন।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘রাদওয়ান সন্ত্রাসীরা ইসরায়েলি বসতিতে গুলি চালানো এবং সেনাদের ক্ষতির জন্য দায়ী। কোনো সন্ত্রাসীরই কোনো নিরাপত্তা নেই, ইসরায়েলের দীর্ঘ হাত প্রতিটি শত্রু ও হত্যাকারীকে খুঁজে বের করবে।’
নেতানিয়াহু আরো বলেন, ‘উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম-এভাবেই আমরা তা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
এদিকে হিজবুল্লাহ এখনো ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুদ্ধবিরতির পর প্রথম হামলা
১৭ এপ্রিল ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শিয়া অধ্যুষিত বৈরুতের দক্ষিণাঞ্চলে এটি ছিল প্রথম ইসরায়েলি হামলা। আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো দক্ষিণ লেবাননের টাইর থেকে জানান, সন্ধ্যার সময় তুলনামূলক শান্ত পরিস্থিতিতে হামলার ঘটনাটি ঘটে।
তিনি বলেন, ‘যুদ্ধবিরতির শুরু থেকে এখানে অনেকটা শান্তি বিরাজ করছিল। ৯ এপ্রিলের পর এই প্রথম বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা হলো।’
ওবায়দা হিত্তো আরো জানান, ‘যুদ্ধবিরতির পর অনেক মানুষ দক্ষিণ উপশহরে ফিরে আসতে শুরু করেছিলেন এবং ভিডিওতে দেখা গেছে, রাস্তায় লোকজনের উপস্থিতি ছিল।’
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। বুধবার এসব হামলায় অন্তত ১৩ জন নিহত হন।
লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এক হামলায় চারজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এক ডজন শহরের বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্ক করেছে।
অন্যদিকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযান এবং উত্তর ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে।
লেবাননে ইসরায়েলের হামলায় গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পরও প্রাণহানি অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের ১৭ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
এমআর