images

আন্তর্জাতিক / বিনোদন

বিজেপি জিততেই উল্টো সুর কবীর সুমনের

বিনোদন ডেস্ক

০৬ মে ২০২৬, ০২:৪৬ পিএম

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের ক্ষমতার অবসান ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার সূর্য অস্তমিত হতেই পাঁচ দশক পর প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং হেনস্তার ঘটনা ঘটেছে। এদিকে অনেক তারকা তাঁদের রাজনৈতিক ভোল পাল্টে নিজেকে তৃণমূলের শাসনের শিকার হিসেবে তুলে ধরছেন।

এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী কবীর সুমন দাবি করেছেন তিনি তৃণমূলের সদস্যই ছিলেন না। তিনি তৃণমূলপন্থীও নন। তবে ইতিহাস বলছে তৃণমূলের প্রার্থী হয়ে একবার সাংসদ (এমপি) হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমায় মমতা প্রায় হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তার আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।’

বিজেপি ক্ষমতায় আসার পর নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে সুমন বলেন, তিনি কখনোই দলের আনুষ্ঠানিক সদস্য ছিলেন না। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি একসময় নির্বাচনে অংশ নেন, কিন্তু মেয়াদ শেষ হতেই সরে দাঁড়ান।

তৃণমূলের ভরাডুবি নিয়ে সুমন বলেন, ‘সরকারের কিছু সিদ্ধান্ত, বিশেষ করে চাকরির ক্ষেত্রের সমস্যাগুলো মানুষের বিরূপ প্রতিক্রিয়ার কারণ হয়েছে।’ যদিও একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সামাজিক প্রকল্প— যেমন শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার উদ্যোগের প্রশংসাও করেন।

নতুন সরকারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আগের সরকারগুলোর আমলে নারীদের নিরাপত্তা মোটামুটি বজায় ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও তিনি আশা করেন।

সাক্ষাৎকারে সুমন জানান, ভবিষ্যতে কোনো বামপন্থী রাজনৈতিক শক্তি সামনে এলে তিনি তাদের সমর্থন করতে পারেন। শিল্পীর নানামুখী বক্তব্যের জেরে রাজনৈতিক মহলে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে— তাহলে কি তিনি এবার নিজেকে বাম সমর্থক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন?

ইএইচ/