images

আন্তর্জাতিক

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে ২০২৬, ০৮:৪৮ এএম

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আয়োজন করা হয়েছে। ৭ মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টায় ৪০ মিনিটে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন।

লিমনের সঙ্গেই নিখোঁজ হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবহেকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো কয়েকটি ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এমআই