আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৬, ১২:৫৭ পিএম
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভোটের আগে এলাকায় অশান্তিতে উস্কানি এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছিল।
সোমবার গণনাপর্ব শেষ হতেই মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ ওরফে হাবিব গ্রেফতার হলেন পুলিশের হাতে।
তিনি সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল এমপি আবু তাহের খানের ভাগ্নে। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হয়েছে। এই গ্রেফতারিকে নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসাবেই বর্ণনা করছেন তৃণমূল এমপি।
গত ২৩ এপ্রিল, প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল নওদায়। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার জয়ী প্রার্থী হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল সেই দিন।
অভিযোগ উঠেছে, ভোটপর্বে অশান্তিতে উস্কানি দিয়েছিলেন নওদায় তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান। সোমবার ছিল ভোটগণনা। ঘটনাচক্রে, ভোট গণনা শেষে সোমবার রাতেই তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে হানা দেয় নওদা থানার পুলিশ।
জানা গেছে, প্রথমে আটক করা হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদের সময় বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরেই নওদার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসছিল। প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরির নেপথ্যে হাবিবের প্রত্যক্ষ মদত রয়েছে। এরই মধ্যে সোমবার রাতে স্থানীয় থানার পুলিশের একটি দল তার বাড়িতে যায়।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, ভোটের দিন গুন্ডাগিরি, অশান্তি ছাড়ানো ও ভয়ের পরিবেশ তৈরিসহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
এ ছাড়া বেশ কিছু পুরনো মামলা রয়েছে তার বিরুদ্ধে। মূলত ভোটের দিনে অশান্তির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে পেশ করা হবে।
তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাদের নেতাকে ‘হেনস্থা’ করা হচ্ছে। যদিও জেলা পুলিশ সূত্রে খবর, শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হচ্ছে।
মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়। ওই সময়ে সফিউজ্জামানের অনুগামীরা আদালতের সামনে ভিড় করেন। এ অবস্থায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বহরমপুর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সফিউজ্জামানের গ্রেফতারি প্রসঙ্গে তার মামা তৃণমূল এমপি আবু তাহের বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত নির্বাচন কমিশন এই ধরনের আচরণ করছে। বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আইনি ও রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা করব।
অন্যদিকে, আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর বলেন, মামা আবু তাহেরের আশ্রয়ে থেকে সেদিন খুব আস্ফালন করছিল। প্রশাসন নিরপেক্ষ হলে কী হয়, এবার হাবিব সেটা টের পাবে। জনতার ক্ষোভের তো ও এখনও কিছুই দেখেনি।
-এমএমএস