আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অধ্যয়নরত হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজার নামাজ ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
তিনি জানান, মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার জোহরের নামাজের পর দুপুর ২টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে।
গোলাম মোর্তোজা আরও জানান, জামিল লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ৮ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।
এসএইচ/এফএ